ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন । মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে তিনি এই শ্রদ্ধা জানান এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে দুলাল হোসেন বলেন, “৫ আগস্ট আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ছাত্র-জনতার অদম্য সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা এক স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। এই আন্দোলনে যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করেছেন, জাতি তাঁদের চিরকাল কৃতজ্ঞতাভরে স্মরণ করবে।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে গিয়ে হাজারো ছাত্র ও সাধারণ মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সরকারের কাছে দাবি জানাই যেন আহত ও শহীদ পরিবারের পাশে রাষ্ট্র যথাযথভাবে দাঁড়ায়।”
নারায়ণগঞ্জ মহানগরের স্বেচ্ছাসেবক দলের এই নেতা বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “দীর্ঘ দেড় দশকের জুলুম-নির্যাতন ও বৈষম্যের অবসান ঘটিয়ে ছাত্র-জনতা যে বিজয়ের সূচনা করেছে, সেই বিজয়ের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়াই হোক আজকের দিনের প্রধান অঙ্গীকার।”
বিবৃতির শেষাংশে তিনি মহান আল্লাহর দরবারে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশবাসীকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান জানান।