ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আসমা হেলেন বিথী। মঙ্গলবার (৪ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করেন।
বিবৃতিতে আসমা হেলেন বিথী বলেন, “৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে ছাত্র-জনতা এই দিনে এক নতুন বাংলাদেশের সূচনা করেছে। জুলাই ও আগস্টের সেই উত্তাল দিনগুলোতে আমাদের সন্তানরা যেভাবে রাজপথে বুক পেতে দিয়ে বুলেটের মোকাবিলা করেছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। তাদের এই মহান আত্মত্যাগ আমাদের জন্য এক পবিত্র আমানত।”
একজন আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর হিসেবে জুলাই হত্যাকাণ্ডের বিচারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ছাত্র-জনতার এই বিপ্লব ছিল মূলত ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার লড়াই। যারা এই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে এবং হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল এই বীর শহীদদের আত্মার শান্তি এবং রক্তের ঋণ শোধ করা সম্ভব।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের বিজয় আমাদের শিখিয়েছে যে, কোনো শক্তিই জনগণের ওপর জুলুম করে টিকে থাকতে পারে না। শহীদদের রক্তে অর্জিত এই স্বাধীনতাকে টেকসই করতে হলে আমাদের সম্মিলিতভাবে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে।”
বিবৃতিতে তিনি আন্দোলনে শহীদ হওয়া সকলের রুহের মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছেন, তাদের সুচিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে তিনি এই বিজয়ের চেতনাকে ধারণ করে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।