বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরের মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যায় ভুগছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা একাধিকবার মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম মনজুকে অবগত করেন।
পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম মনজু নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং এলাকাবাসীকে দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দেন। এরপর তিনি পানি নিষ্কাশনের কার্যক্রম সম্পন্ন করেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসী জানান, ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে পানি জমে জলাশয়ের সৃষ্টি হওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই যেসব স্থানে পানি আবদ্ধ হয়ে জলাশয়ের সৃষ্টি হয়েছে, সেসব স্থান পর্যাপ্ত উঁচু করে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনুরোধ জানান তারা।
পরে মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম মনজু জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় কাজ শুরু করে দেন। এতে ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং তার উদ্যোগকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মো. আলম মিয়া, মনির হোসেন ব্যান্ডের, মোহাম্মদ বাচ্চু মিয়া, মোশারফ হোসেন, মো. রাসেল, মো. জামান, মোহাম্মদ জসিম মিয়া ও মো. ফালু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।