আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটির সম্ভাব্য যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও চক্রান্ত রুখে দিতে নারায়ণগঞ্জে রাজপথে বিশাল শক্তি প্রদর্শন করেছে মহানগর বিএনপি। সোমবার (২২ জুন) রাতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপুর নেতৃত্বে নগরীতে এক বিশাল ‘শান্তি মিছিল’ অনুষ্ঠিত হয়।
মিছিলটিতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের নেতৃত্বে একটি বড় কর্মী-সমর্থক বহর সুসজ্জিত বাসে করে অংশগ্রহণ করে। মিছিলে অংশগ্রহণকারী শ্রমিক ও দলীয় নেতাকর্মীরা ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করেন।
শান্তি মিছিলটি নগরীর মিশনপাড়া এলাকা থেকে শুরু হয়ে উত্তর চাষাড়া এবং শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক (বিবি রোড) প্রদক্ষিণ করে। পরে ২নং রেলগেট এলাকা হয়ে মিছিলটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সিটি কর্পোরেশনের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “আওয়ামী লীগ বর্তমানে একটি নিষিদ্ধ ও গণবিচ্ছিন্ন রাজনৈতিক অপশক্তি। তারা তাদের তথাকথিত প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতার পাঁয়তারা করছে। কিন্তু নারায়ণগঞ্জের সচেতন জনতা এবং বিএনপির নেতাকর্মীরা রাজপথে সজাগ রয়েছে। কোনো খুনি বা লুটেরা বাহিনীকে রাজপথে নামতে দেওয়া হবে না।”
মহানগর শ্রমিক দলের নেতা ফারুক হোসেনের নেতৃত্বে আসা বিশাল বহরটি মিছিলে বাড়তি উদ্দীপনা যোগায়। সমাবেশে মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো চেষ্টা হলে তা কঠোর হাতে দমন করা হবে। শান্তি মিছিলটি চলাকালে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। মিছিল শেষে নেতাকর্মীরা যার যার এলাকায় সতর্ক পাহারায় থাকার অঙ্গীকার নিয়ে সমাবেশ স্থল ত্যাগ করেন।