নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শুক্রবার (১২ জুন) বিকেলে নগরীর মিশনপাড়ায় অবস্থিত হোসিয়ারী সমিতি কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন সভার আয়োজন করা হয়। এসময় মাসুকুল ইসলাম রাজিবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন— সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন, দপ্তর সম্পাদক মো: তাইজুল ইসলাম সায়েম এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহাগ গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: হাবিবুল হাসান সোহান, মো: রুবেল হক ও মো: সোহেল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, “মাসুকুল ইসলাম রাজিব নারায়ণগঞ্জের রাজপথের একজন সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর মতো একজন যোগ্য ও দূরদর্শী নেতৃত্বকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জ একটি সুপরিকল্পিত ও আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে উঠবে।”
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, মাসুকুল ইসলাম রাজিব সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন। নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি তাঁর কর্মদক্ষতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, সরকারের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগের পর থেকেই দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হচ্ছে।