নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপি একটি ফলজ গাছের মতো। এই গাছে অনেকেই ঢিল ছুঁড়তে চাইবে, কিন্তু এতে ঘাবড়ানোর কিছু নেই। আমাদের মূল কাজ হলো ঐক্যবদ্ধ থাকা এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে খালেদা জিয়া ও তারেক রহমানকে জয়ী করা।
শনিবার বিকেলে শহরের খানপুরে আয়োজিত নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ১১নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি কর্মীদের দল, যেখানে কর্মীরাই আসল নেতা। বিগত ১৫ বছরের আন্দোলন-সংগ্রামে এই কর্মীরাই দলকে টিকিয়ে রেখেছেন। আগামী নির্বাচনেও কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ প্রয়াসেই ধানের শীষ বিজয় লাভ করবে।
সাখাওয়াত হোসেন খান জামায়াত ও চরমোনাই পীরের সমালোচনা করে বলেন, জামায়াত বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে বলছে বিএনপি ও আওয়ামী লীগ একই ধরনের। তিনি এটিকে জনগণের সাথে তামাশা বলে আখ্যা দেন। চরমোনাই পীরের দল গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকারের অধীনেই চেয়ারম্যানি ও মেম্বারি নির্বাচন করেছে। এমনকি ২০১৪ সালের বিতর্কিত ৫ জানুয়ারির নির্বাচনেও তারা অংশ নেওয়ার চেষ্টা করেছিল, যখন জনগণ ভোটকেন্দ্রে যায়নি।
তিনি উল্লেখ করেন, গত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীরা জুলুম-নির্যাতন ও মামলার শিকার হয়েছেন, অথচ জামায়াত বা হেফাজতের কর্মসূচিতেও মূল আসামি করা হয়েছে বিএনপি কর্মীদের। যারা অন্যদের ছোট করতে চায়, তারা নিজেরাই সমাজে নিগৃহীত হবে। আমরা সব সময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।
মহানগর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু এবং সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবর রহমান, মাকিত মোস্তাকিম শিপলু, ১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি যাচ্চু বাদশা, সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাইদুর রহমান টিটু, মানিক বেপারী, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিপলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।