দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় অলিপুরা বাজার থেকে সাদিপুর ইউনিয়নের কাজহরদী–বিষ্ণুপুরা ব্রিজ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, উঁচু-নিচু অংশ ও কার্পেটিং উঠে গেছে। জনদুর্ভোগ লাঘবে এবার ব্যক্তিগত অর্থায়নে সড়কটির সংস্কারকাজের উদ্যোগ নিয়েছেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. কাওসার।
সম্প্রতি অলিপুরা থেকে কাজীপাড়া পর্যন্ত সড়কের সংস্কারকাজের উদ্বোধন করেন তিনি। এ সংস্কারকাজের সার্বিক তদারকি ও পরিচালনার দায়িত্বে রয়েছেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পিচঢালাই উঠে গিয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ফলে প্রতিদিন পথচারী, যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়কটি ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা অংশের সঙ্গে সংযুক্ত হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিশেষ করে ইজিবাইক, রিকশা, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ ছাড়া দেশের অন্যতম সনাতন ধর্মীয় তীর্থস্থান সোনারগাঁয়ের বারদীতে অবস্থিত শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে প্রতিদিন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী যাতায়াত করেন। সড়কটির বেহাল অবস্থার কারণে তাঁদেরও দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়। এতে সাধারণ মানুষের পাশাপাশি আশ্রমে আসা ভক্ত ও দর্শনার্থীদের যাতায়াতেও বিঘ্ন ঘটছে।
এমন পরিস্থিতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়কটির সংস্কারকাজের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, দ্রুত ও টেকসইভাবে সংস্কারকাজ সম্পন্ন হলে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, পরিবহনচালক এবং আশ্রমে আসা ভক্ত ও দর্শনার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।