নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র্যাবের ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র্যাব লেখা ৪টি কটি (জ্যাকেট), ২টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ, ১টি পিস্তলের কভার, ভুয়া আইডি কার্ড ও ১টি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গত ২৮ সেপ্টেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে সোনারগাঁও থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—ঝালকাঠির নলছিটি পৌরসভার রাজারবাগ এলাকার আব্দুর রবের ছেলে মোঃ সোহেল (৩৫) (বর্তমানে ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করেন) এবং গাজীপুরের জয়দেবপুরের আমনা আমতলী এলাকার মোঃ হুমায়ুন কবিরের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) (বর্তমানে ঢাকার দক্ষিণখানের আশকোনা এলাকায় বসবাস করেন)।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান (পিপিএম-সেবা)-এর সার্বিক নির্দেশনায় অপরাধ দমন ও নিয়মিত তল্লাশির অংশ হিসেবে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর তত্ত্বাবধানে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। ২৮ সেপ্টেম্বর রাত সোয়া ১০টার দিকে এসআই চন্দন দে-এর নেতৃত্বে পুলিশের একটি দল মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকামুখী লেনে তল্লাশি চালানোর সময় এই দুই ভুয়া র্যাব সদস্যকে আটক করে।
তল্লাশিকালে তাদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত নিম্নোক্ত সরঞ্জামগুলো জব্দ করা হয়:
-
৪টি কালো রঙের র্যাব (RAB) কটি
-
২টি ওয়াকিটকি
-
১টি হ্যান্ডকাফ ও ১টি পিস্তলের কভার
-
১টি র্যাবের ভুয়া আইডি কার্ড
-
অপরাধে ব্যবহৃত ১টি এফজেড (FZ-1) মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো-ল-২৫-৮৬০৫)
-
বন্ধক হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে রাখা ৯০টি কালো রঙের প্লাস্টিকের টাইস এবং ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
সোনারগাঁও থানার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ভুয়া র্যাব পরিচয়ে মহাসড়কসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণা করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







