নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক তুখোড় ছাত্রনেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৮ সেপ্টেম্বর রাত ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিকে, সাবেক এই ছাত্রনেতার মায়ের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
এক শোকবার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত (ক্ষমা) কামনা করেন এবং মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিনীত প্রার্থনা জানান।
একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, “মায়ের স্নেহ ও ভালোবাসার কোনো বিকল্প নেই। মাতৃবিয়োগ যেকোনো সন্তানের জীবনে সবচেয়ে বড় এবং অপূরণীয় ক্ষতি।
আমরা পরম করুণাময়ের কাছে দোয়া করি, তিনি যেন কে এম মাজহারুল ইসলাম জোসেফ ও তাঁর পরিবারের সকল সদস্যকে এই হৃদয়বিদারক শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন— আমিন।”