পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার দেশবিরোধী অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিশাল মিছিল নিয়ে অংশ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর বিএনপির উদ্যোগে এই বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ইউনিট ও পাড়া-মহল্লা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পরবর্তীতে নাসিক ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফের নেতৃত্বে এক সুবিশাল ও সুশৃঙ্খল মিছিল সমাবেশস্থলে এসে পৌঁছায়। এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
মিছিলে ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। আল আরিফের নেতৃত্বে এ বিশাল মিছিলটি সমাবেশের মূল আকর্ষণ এবং নেতাকর্মীদের মাঝে বাড়তি উদ্দীপনার সৃষ্টি করে।
সমাবেশে অংশ নিয়ে নেতৃবৃন্দ বলেন, দেশকে অস্থিতিশীল ও পিছিয়ে দিতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু সচেতন জনগণ এবং জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশবিরোধী ষড়যন্ত্রই সফল হবে না। যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থেকে তা প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ দলের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।







