রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এই বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশকে সফল করার লক্ষ্যে দুপুর থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক জড়ো হতে থাকেন। পরবর্তীতে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে একটি সুসংগঠিত বিশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মূল সমাবেশস্থলে প্রবেশ করে।
এ সময় মিছিলকারীদের সন্ত্রাস, নাশকতা ও ষড়যন্ত্রবিরোধী মুহুর্মুহু স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে। তরুণ ও উদীয়মান নেতাকর্মীদের এই জোরালো উপস্থিতি সমাবেশে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
মিছিল শেষে রায়হান উদ্দিন জিল্লু বলেন, “কোনো অশুভ শক্তিকে সন্ত্রাস বা সহিংসতার মাধ্যমে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে দেওয়া হবে না। জনগণের জানমাল রক্ষা ও গণতন্ত্রের ধারা সমুন্নত রাখতে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মী রাজপথে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবে।”
উল্লেখ্য, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।