নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’ পুনর্নির্মাণ করা হচ্ছে। বহুতল এই ভবনের বেজমেন্টে প্রায় ৫০০ গাড়ির পার্কিং সুবিধাসহ জেলার শিল্প-সংস্কৃতি চর্চার বিকাশে থাকছে বিশ্বমানের নাট্যশালা, সমৃদ্ধ লাইব্রেরি, কমিউনিটি সেন্টার ও প্রশিক্ষণ কেন্দ্র।

সোমবার দুপুরে চাষাঢ়ায় শহীদ জিয়া হল পুনর্নির্মাণের লক্ষ্যে আনুষ্ঠানিক ‘মাটি পরীক্ষা’ (সয়েল টেস্ট) কার্যক্রম পরিদর্শনকালে এ তথ্য জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

প্রকল্পটির বিস্তারিত তুলে ধরে নাসিক প্রশাসক বলেন, “নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী চাষাঢ়ায় শহীদ জিয়া হলকে নতুন আঙ্গিকে গড়ে তোলা হচ্ছে। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিতব্য এই ভবনটি হবে ১১ তলা বিশিষ্ট। এর মধ্যে মাটির নিচের দুই তলায় (বেজমেন্ট) একসঙ্গে প্রায় ৫০০ গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা থাকবে, যা চাষাঢ়া এলাকার যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে।”

সাংস্কৃতিক অঙ্গনে এর প্রভাব উল্লেখ করে তিনি আরও বলেন, “একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্রে যেসব সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন—তার সবই এখানে নিশ্চিত করা হবে। এতে আন্তর্জাতিক মানের একটি আধুনিক নাট্যশালা, লাইব্রেরি, কমিউনিটি সেন্টার এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কেন্দ্র অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে স্থানীয় সংস্কৃতিমনা মানুষ ও তরুণ প্রজন্মের সৃজনশীল মেধা বিকাশের পথ সুগম হবে।”

অর্থায়নের বিষয়ে প্রশাসক নিশ্চিত করে জানান, সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ১২০ কোটি টাকা এবং এই বিপুল অর্থের পুরোটাই অনুদান হিসেবে অর্থায়ন করবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

মাটি পরীক্ষা কার্যক্রম পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমসহ নাসিক ও সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।