সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা ও উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
জানা গেছে, ‘লাইভলিহুডস সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ (এলএসইউপিসিবি) প্রকল্পের আওতায় চায়না এইড ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। প্রকল্পের অধীন তিন মাসের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে মূল্যায়নে সফলভাবে উত্তীর্ণ ৯৭ জন নারীর মধ্যে ৩০টি কম্পিউটার, ২৫টি সেলাই মেশিন ও ৪২টি ফুড কার্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি গর্ভবতী নারী ও শিশুদের মাঝে পুষ্টি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “উপকারভোগীরা যাতে নিজেদের অর্জিত দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, সেই লক্ষ্যেই প্রশিক্ষণের পর প্রয়োজনীয় কর্মসংস্থান উপকরণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ৯৭টি পরিবারকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তাদের সংসারে স্থায়ী সচ্ছলতা ফিরিয়ে আনার প্রয়াস নেওয়া হয়েছে।”
সরঞ্জামাদির যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “সিটি করপোরেশন, ইউএনডিপি এবং উপকারভোগীদের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এসব উপকরণ হস্তান্তর করা হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, এসব সরঞ্জাম কোনোভাবেই অন্য কারও কাছে হস্তান্তর কিংবা বিক্রি করা যাবে না; তা করা হলে তা সরাসরি চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। সহায়তাপ্রাপ্ত সামগ্রীগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিতে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে নিয়মিত মনিটরিং বা তদারকি করা হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউএনডিপির প্রকল্প সহকারী হোসনে আরা আলোসহ সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টদের মতে, সুবিধাবঞ্চিত নারীদের কর্মমুখী প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করে তোলা এবং একই সঙ্গে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার এ উদ্যোগ নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।