বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১২৭ 🪪

নারায়ণগঞ্জ শহরকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে এবং নিয়মবহির্ভূত সকল কর্মকাণ্ড বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব। তিনি বলেন, “নতুন বাংলাদেশে আইন সবার জন্য সমান। এখন থেকে নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ব্যক্তি বা গোষ্ঠী যেই হোক না কেন, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

সোমবার (২৪ আগস্ট) সকালে নগরীর বিভিন্ন স্থাপনা সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে নিজের অভিজ্ঞতা তুলে ধরে এনডিএ চেয়ারম্যান বলেন, “আমরা মুখে সচেতনতার কথা বললেও কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই। আজ পরিদর্শনে দেখলাম ৯৯ শতাংশ ক্ষেত্রেই সচেতনতার বিন্দুমাত্র লেশ নেই। অনেক আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক কর্মকাণ্ড চালানো হচ্ছে এবং অধিকাংশ মার্কেটে নেই কোনো পার্কিং ব্যবস্থা। নারায়ণগঞ্জের ভয়াবহ যানজটের প্রধান কারণ এই অব্যবস্থাপনা।” তিনি স্পষ্ট জানিয়ে দেন, মুষ্টিমেয় কিছু লোকের সুবিধার জন্য পুরো শহরবাসীকে জিম্মি হতে দেওয়া হবে না।

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কাজের পরিধি ব্যাখ্যা করে মাসুকুল ইসলাম রাজীব বলেন, “এনডিএ শুধু ভবন অনুমোদনকারী সংস্থা নয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী ৫০ বছর নারায়ণগঞ্জ কীভাবে চলবে, তার জন্য একটি দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ বা এলজিইডি—যেই উন্নয়ন কাজ করুক না কেন, এখন থেকে এনডিএ-র সাথে সমন্বয় ও মাস্টারপ্ল্যান অনুসরণ করে তা করতে হবে।” তিনি আরও জানান, নদী দূষণ রোধ এবং নদীপাড়ের পরিবেশ রক্ষায় এনডিএ অগ্রণী ভূমিকা পালন করবে।

নাগরিকদের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন, “নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা। কোনো ঝামেলা বা হয়রানি ছাড়াই আপনারা কাঙ্ক্ষিত সেবা পাবেন। বিনিময়ে আপনাদের শুধু রাষ্ট্রের আইন মেনে চলতে হবে।” তিনি ভবন নির্মাণের ক্ষেত্রে সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) দিলেও কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দেন।

শহর সুন্দর রাখতে নাগরিকদের গোয়েন্দার ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনার প্রতিবেশী যদি আইন ভেঙে বা নকশা ছাড়া ভবন নির্মাণ করেন, তবে সাথে সাথে আমাদের জানান। আমাদের জনবল সংকট থাকলেও জনগণের সহযোগিতায় আমরা সঠিক ব্যবস্থা নেব।”

আইনের সুশাসন প্রসঙ্গে তিনি আরও বলেন, “আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে। অভিযুক্ত ব্যক্তি কত বড় প্রভাবশালী বা কোন পরিচয়ের, তা আমাদের কাছে বিবেচ্য নয়। তারেক রহমানের অঙ্গীকার অনুযায়ী আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আপনারা সরকারকে সহযোগিতা করুন, সরকার আপনাদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত।”

পরিদর্শনকালে এনডিএ-র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102