সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা

নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৫৬ 🪪

নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন পেশা এবং নাগরিক আন্দোলনের অগ্রপথিক, প্রবীণ সাংবাদিক নেতা ও বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম আজ ৬৯ বছরে পদার্পণ করেছেন। ১৯৫৮ সালের ২১ জুলাই এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই ব্যক্তিত্ব নারায়ণগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম একাধারে ‘দৈনিক খবরের পাতা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের তিনবারের নির্বাচিত সাবেক সভাপতি। দীর্ঘ ৪৬ বছরের সাংবাদিকতা জীবনে তিনি ‘দৈনিক আজকের কাগজ’, ‘দৈনিক ভোরের কাগজ’সহ ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিকে নারায়ণগঞ্জের প্রতিনিধি হিসেবে অত্যন্ত সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। গত ৩৪ বছর ধরে তিনি নিজের প্রতিষ্ঠিত পত্রিকা ‘দৈনিক খবরের পাতা’র মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নেতৃত্ব দিয়ে আসছেন।

অ্যাডভোকেট মাসুমের শিক্ষাজীবন শুরু হয় নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া প্রাইমারি স্কুল ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে। পরে জয়গোবিন্দ হাইস্কুল থেকে এসএসসি এবং সরকারি তোলারাম কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে এলএলবি শেষ করে ১৯৮৭ সালে নারায়ণগঞ্জ আদালতে আইন পেশায় যোগ দেন এবং বর্তমানে তিনি একজন জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে পরিচিত।

ছাত্রজীবন থেকেই তিনি মেহনতী মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। সরকারি তোলারাম কলেজে পড়াকালীন তিনি জেলা ছাত্রলীগ (জাসদ)-এর সাধারণ সম্পাদক ছিলেন এবং কলেজটিকে সরকারিকরণের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নারায়ণগঞ্জের প্রতিটি নাগরিক আন্দোলন, বিশেষ করে সন্ত্রাসবিরোধী আন্দোলন, বাসভাড়া কমানো এবং পরিবেশ রক্ষায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জের সভাপতি, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা (দক্ষিণ) বিভাগের সমন্বয়কারী এবং ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

সমাজসেবার পাশাপাশি স্কাউট আন্দোলনের সাথেও তিনি দীর্ঘকাল জড়িত। তিনি উপজেলা স্কাউট কমিশনার এবং ঢাকা বিভাগের আঞ্চলিক উপকমিশনারের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা স্কাউটসের সহ-সভাপতি। এছাড়া ক্রীড়াঙ্গনেও তার পদচারণা রয়েছে। দীর্ঘ ১৬ বছর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই ব্যক্তিত্ব বর্তমানে ‘নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের’ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের ৬৯তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরাসরি ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজ দিনভর বিভিন্ন কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জন্মদিন উপলক্ষে এক প্রতিক্রিয়ায় মাহবুবুর রহমান মাসুম বলেন, “জীবনভর মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। নারায়ণগঞ্জের মানুষের ভালোবাসাই আমার বড় প্রাপ্তি।” তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন অবশিষ্ট জীবন সত্য ও ন্যায়ের পথে থেকে মানুষের সেবা করে যেতে পারেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102