নারায়ণগঞ্জ বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বন্দর সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পিতা এবং এলাকার প্রবীণ ব্যক্তিত্ব নিজাম উদ্দিন আহমেদ (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো-অ্যাক্টিভ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম নিজাম উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রায় এক মাস আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রক্তের সুগার মারাত্মকভাবে কমে গিয়ে একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মরহুমের জানাজা নামাজ গতকাল রবিবার বাদ জোহর বন্দরের ২২নং ওয়ার্ডস্থ আল-আমিন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় মুসল্লি ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। জানাজা শেষে তাঁকে নবীগঞ্জ ‘বাগে জান্নাত’ কবরস্থানে দাফন করা হয়েছে।
নিজাম উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, নিজাম উদ্দিন আহমেদ একজন সদালাপী ও ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।