নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ফারুক মালের অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বৃহস্পতিবার (২৫ জুন) এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় অ্যাডভোকেট টিপু বলেন, “ফারুক মাল ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিতপ্রাণ ও আদর্শিক সৈনিক। তিনি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন। রাজপথের আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিং, হরতাল এবং প্রতিটি নির্বাচনী কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ও সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “একজন ত্যাগী ও পরীক্ষিত কর্মী হিসেবে ফারুক মাল সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ও নির্ভরযোগ্য ছিলেন। দলের কঠিন সময়ে তিনি কখনোই পিছুপা হননি। তাঁর এই আকস্মিক মৃত্যুতে বিএনপির রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।”
অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করেন।”
নারায়ণগঞ্জ শহরের গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা ফারুক মাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।