দীর্ঘ ১৭ বছর পর ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গণমুখী ও উন্নয়নমুখী বাজেটকে স্বাগত জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল জাতীয় বাজেটকে তিনি অর্থনৈতিক সক্ষমতা ও জাতীয় সমৃদ্ধির বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (১১ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান। বিবৃতিতে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট কেবল একটি সংখ্যা নয়, এটি আমাদের জাতীয় অর্থনীতির শক্তিশালী ভিতের প্রমাণ। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে এই বাজেট একটি অত্যন্ত সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ।”
বিএনপির এই নেতা বাজেটের বিভিন্ন দিক বিশ্লেষণ করে বলেন, “এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক নিরাপত্তা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা নিংসন্দেহে প্রশংসার দাবি রাখে। বাজেটের এই রূপরেখা সফলভাবে বাস্তবায়িত হলে দেশের তৃণমূল পর্যায়ের মানুষের জীবনযাত্রার মান আমূল বদলে যাবে এবং শিক্ষিত বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
নারায়ণগঞ্জের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ দেশের অন্যতম প্রধান শিল্প ও ব্যবসা কেন্দ্র। আমি বিশ্বাস করি, প্রস্তাবিত বাজেটে শিল্পোন্নয়ন ও বাণিজ্যে যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে, তা আমাদের এই অঞ্চলের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করবে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি করবে।”
বিবৃতিতে রেজা রিপন বাজেটের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “জনগণ যেন এই বাজেটের সুফল সরাসরি ভোগ করতে পারে, সেটি নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে এই বিশাল বাজেটের প্রতিটি অর্থ দেশের অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণে ব্যয় হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
পরিশেষে তিনি উল্লেখ করেন, জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধির প্রশ্নে দল-মতের উর্ধ্বে উঠে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এখন সময়ের দাবি। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিশ্বদরবারে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।