বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ: সংরক্ষিত নারী আসনে নারায়ণগঞ্জে আলোচনায় বিভা হাসান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১১ 🪪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দেশজুড়ে শুরু হয়েছে সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক হিসাব-নিকাশ। এর ব্যতিক্রম নয় নারায়ণগঞ্জেও। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চায়ের কাপ থেকে শুরু করে রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা। আর এই আলোচনায় এবার নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সাবেক প্যানেল মেয়র ও টানা দুইবারের সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসানের নাম। জনপ্রতিনিধি হিসেবে কাজের অভিজ্ঞতা, করোনাকালের সাহসী ভূমিকা এবং সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যেই সর্বমহলে একটি পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হয়ে উঠেছেন।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। নিয়ম অনুযায়ী প্রতি ছয়জন সাধারণ সংসদ সদস্যের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। আনুপাতিক হারে দলটি এবার ৩৫টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে।

নারায়ণগঞ্জ জেলায় পাঁচটি সংসদীয় আসন থাকলেও অতীতে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে অনেক সময় পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলার সঙ্গে সমন্বয় করা হতো। ফলে কয়েকবার এই আসনটির প্রতিনিধিত্ব মুন্সিগঞ্জ থেকেই হয়েছে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতেই বিএনপি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করায় এবার সংরক্ষিত নারী আসনটি নারায়ণগঞ্জের ঘরেই আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

আফসানা আফরোজ বিভা হাসানের স্থানীয় সরকার পর্যায়ে পথচলা শুরু হয় ২০১৭ সালে। সেবার তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন। এরপর টানা দুই মেয়াদে তিনি এই পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। শুধু কাউন্সিলরই নন, নিজ যোগ্যতায় তিনি অতিরিক্ত প্যানেল মেয়রও নির্বাচিত হন। মেয়রের অনুপস্থিতিতে একাধিকবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বও তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন।

২০২০ সালে করোনা মহামারির শুরুতে নারায়ণগঞ্জ যখন দেশের ‘কেন্দ্রবিন্দু’ বা এপিসেন্টারে পরিণত হয়, তখন বিভা হাসানের মানবিক রূপ দেখেছে জেলাবাসী। প্রথম মৃত্যুর পর পূর্বপ্রস্তুতি ছাড়া ডাকা লকডাউনে নিম্ন আয়ের মানুষ যখন দিশেহারা, তখন তিনি নিজ সামর্থ্যে তাদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে দেওভোগে। করোনা উপসর্গ নিয়ে জনপ্রিয় গিটারিস্ট ফখরুল আলম ওরফে ‘হিরো লিসান’ অ্যাম্বুলেন্সেই মারা যান। টানা ৯ ঘণ্টা লাশ বাড়ির সামনে পড়ে থাকলেও সংক্রমণের ভয়ে পরিবার বা স্বজনরা কেউ এগিয়ে আসেননি। সেই চরম আতঙ্কের মুহূর্তে নিজের স্বেচ্ছাসেবী দল নিয়ে এগিয়ে আসেন কাউন্সিলর বিভা। নিজের হাতে মৃতের দাফন সম্পন্ন করেন তিনি। পুরো করোনাকালে এমন শতাধিক মানুষের দাফন ও সৎকারের ব্যবস্থা করে তিনি নারায়ণগঞ্জের মানুষের হৃদয়ে জায়গা করে নেন।

জনপ্রতিনিধি হিসেবে পাওয়া বেতনের টাকা জমিয়ে তিনি ওয়ার্ডবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসবে খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা, চক্ষু শিবির ও হতদরিদ্র শিশুদের সুন্নতে খতনাসহ নানা উদ্যোগ তিনি নিয়মিতই পরিচালনা করে আসছেন। তরুণ সমাজকে রক্ষায় বাবুলাইল মাঠ সংরক্ষণ আন্দোলনসহ খেলাধুলার প্রসারেও তার সরব উপস্থিতি রয়েছে।

নারায়ণগঞ্জ শহরের ফুসফুসখ্যাত ‘সিটি পার্ক’ ও ‘জল্লারপাড় পার্ক’ নির্মাণেও তার নেপথ্য ভূমিকা প্রশংসনীয়। রেলওয়ের জমিতে গড়ে ওঠা মাদকের আখড়া হিসেবে পরিচিত ‘রেলওয়ে কলোনি বস্তি’ উচ্ছেদ করে পার্ক নির্মাণের কাজটি তৎকালীন মেয়রের জন্য সহজ ছিল না। সে সময় বিভা হাসান তার পারিবারিক ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এই উদ্যোগে সহায়তা করেন।

ব্যক্তিগতভাবে আফসানা আফরোজ বিভা সরাসরি কোনো রাজনৈতিক দলের পদে না থাকলেও তিনি নারায়ণগঞ্জের একটি সুপরিচিত ও প্রভাবশালী বিএনপি পরিবারের সন্তান। তার স্বামী হাসান আহমেদ মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ভাসুর (চাচাতো ভাই) এম এ মজিদ মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, বিভা হাসানের মাঠপর্যায়ে কাজের যে অভিজ্ঞতা রয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে তার যে নিবিড় সম্পর্ক, তাতে সংরক্ষিত নারী সংসদ সদস্য পদে তিনি একজন আদর্শ প্রার্থী। তৃণমূল বিএনপির একটি বড় অংশও মনে করে, বিভা হাসানকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হলে তিনি নারীদের উন্নয়ন ও নারায়ণগঞ্জের সাধারণ মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102