মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীর নুনেরটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা। এ সময় তার নেতৃত্বে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে আনুমানিক ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অভিযানকালে উদ্ধার করা ১১ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানা ও মাদ্রাসায় বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ও অবৈধ শিকার রোধে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার এবং নৌ পুলিশ।
অভিযান সম্পর্কে জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা ও ডিম ছাড়ার এই বিশেষ সময়ে ইলিশের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করলে কোনো ছাড় দেওয়া হবে না। মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে এ ধরনের অভিযান ও মনিটরিং সার্বক্ষণিক অব্যাহত থাকবে।