মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী ও অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’।
আজ সোমবার (২০ এপ্রিল ) বিকেল ৫টায় ফতুল্লা রেল স্টেশন সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ জেলা সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও জোট নেতা সোলেমান দেওয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক হাফিজুল ইসলাম, বাসদ জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এস এম শাহীন, সিপিবি নেতা দুলাল সাহা, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্য সচিব এস এম কাদির, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং বাংলাদেশ জাসদ জেলা দপ্তর সম্পাদক আতাউর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, “অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ নামে যে চুক্তি স্বাক্ষর করেছে, তা চরমভাবে একতরফা এবং জাতীয় স্বার্থবিরোধী। এই চুক্তির ফলে বাংলাদেশের অর্থনীতি, কৃষি, শিল্প এবং কর্মসংস্থান বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশকে উচ্চমূল্যে মার্কিন জ্বালানি, খাদ্যশস্য ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে বাধ্য করা হবে, যা দেশীয় শিল্পের মেরুদণ্ড ভেঙে দেবে।”
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, “নির্বাচনের মাত্র ৩ দিন আগে তড়িঘড়ি করে এই চুক্তি স্বাক্ষর করা অন্তর্বর্তী সরকারের এখতিয়ার বহির্ভূত। এটি গণতান্ত্রিক রীতিনীতি এবং সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। এই চুক্তির মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও নীতি-নির্ধারণী স্বাধীনতাকে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে বন্ধক রাখা হয়েছে।”
বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জোটের নেতারা বলেন, “ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা এবং ফিলিস্তিনে চলমান নৃশংস গণহত্যা বিশ্বশান্তিকে হুমকির মুখে ফেলেছে। সাম্রাজ্যবাদী অপশক্তিগুলো নিজেদের স্বার্থে বিশ্বজুড়ে অস্থিতিশীলতা তৈরি করছে।”
সমাবেশ থেকে এই অসম চুক্তি বাতিল এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের জোরালো দাবি জানানো হয়। একই সাথে আগামী ২৭ এপ্রিল জাতীয় সংসদ অভিমুখে বিক্ষোভ এবং স্পিকারের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।