নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনগণের স্বার্থে ফুটপাত হকার্স মুক্ত রাখার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপু। হকারদের আন্দোলন ও মিছিল-মিটিংয়ের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
অ্যাডভোকেট টিপু স্পষ্ট করে বলেন, “আমরা ডানে কিংবা বামে কোনো দিকেই তাকাব না। জনগণের স্বার্থে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ফুটপাত হকার্স মুক্ত রাখা হবেই। কোনো মিছিল কিংবা মিটিং করে এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা সম্ভব হবে না।”
তিনি তার পোস্টে উল্লেখ করেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের প্রশাসক এবং মহানগর বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো নগরবাসীকে কথা দিয়েছে যে ফুটপাত হকার্স মুক্ত রাখা হবে। সেই ওয়াদা অনুযায়ী উচ্ছেদ অভিযান বলবৎ থাকবে।
হকারদের পুনর্বাসনের বিষয়ে একটি পরিকল্পনার কথা জানিয়ে তিনি লেখেন, “যে সকল হকার আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন এবং জনগণের ভোগান্তি না বাড়িয়ে ফুটপাতে বসবেন না বলে প্রতিশ্রুতি দেবেন, তাদের বিষয়ে আমরা ইতিবাচক। বিশেষ করে যারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ জেলার স্থায়ী ভোটার, তাদের সর্বসম্মতিক্রমে আলোচনার মাধ্যমে পুনর্বাসন করা হবে।”
তবে বিশৃঙ্খলাকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে এই বিএনপি নেতা বলেন, “কেউ যদি হকার উচ্ছেদকে কেন্দ্র করে কোনো ধরনের উল্টোপাল্টা কাজ করেন কিংবা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেন, তবে তা শক্ত হাতে দমন করা হবে এবং প্রতিহত করা হবে।”
আন্দোলনের পেছনে থাকা রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “আশা করি, যারা হকার্স মুক্ত আন্দোলনে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন, তারা পরবর্তীতে কোনো ‘নাটক’ করবেন না কিংবা কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হবেন না।”
অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপুর এই অবস্থানকে সচেতন নগরবাসী স্বাগত জানিয় নগরীর প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে জেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর এই অনড় অবস্থানকে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।