নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
বিএনপি নেতা আল মামুনের সঞ্চালনায় ও সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, অন্ধ বিকলাঙ্গ হকার্স কল্যাণ সমিতি এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, মশিউর রহমান রনি একজন মানবিক মানুষ হিসেবে দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জের অবহেলিত ও অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছেন। অথচ তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এসব মামলার কারণে তার স্বাভাবিক জীবন ও রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
বক্তারা আরও বলেন, “আমরা যারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, তারা রনি ভাইয়ের মধ্যে একজন অকৃত্রিম বন্ধুকে খুঁজে পাই। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে তার বিরুদ্ধে থাকা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং তাকে হয়রানি করা বন্ধ করা হোক।”
প্রতিবাদ সভায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুল সংখ্যক দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী মানুষ অংশ নেন। এসময় অবিলম্বে মশিউর রহমান রনির মামলা প্রত্যাহারের দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে এই ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন তারা।