বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা 

লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান: ১০ লাখ পুণ্যার্থীর নিরাপত্তায় র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র বলয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৭৮ 🪪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহাসিক লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নানোৎসব উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-১১। বুধবার (২৫ মার্চ) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই স্নানোৎসবে দেশ-বিদেশের লাখো পুণ্যার্থীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

র‍্যাব-১১ সূত্রে জানা গেছে, ২৫ ও ২৬ মার্চ অনুষ্ঠিতব্য এই স্নানোৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ লাখ পুণ্যার্থীর সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। লাঙ্গলবন্দের নির্ধারিত ২০টি ঘাটে এই পুণ্যস্নান অনুষ্ঠিত হচ্ছে। বিপুল এই জনসমাগমকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র‍্যাব-১১ এর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

র‍্যাব জানায়, উৎসব এলাকাকে নিরাপদ রাখতে জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে র‍্যাব-১১। পুণ্যার্থীদের সহায়তায় বিভিন্ন সেবা কেন্দ্র এবং স্নান উৎসব উদযাপন কমিটির সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। অত্র এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৪ ঘণ্টা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে র‍্যাবের একাধিক টিম।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কেবল পোশাকি টহলই নয়, উৎসবস্থলে বিভিন্ন ধরনের অনৈতিক ও বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাব-১১ এর গোয়েন্দা সদস্যরা সাদা পোশাকে নজরদারি অব্যাহত রেখেছেন। ভিড়ের মধ্যে পকেটমার, ছিনতাইকারী বা কোনো কুচক্রী মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

র‍্যাব-১১ এর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় আচার সম্পন্ন করতে পারেন, সেজন্য র‍্যাব সদাপ্রস্তুত রয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে বা তথ্য প্রদানে পুণ্যার্থীদের র‍্যাবের সহায়তা নিতে অনুরোধ জানানো হয়েছে।

নিশ্ছিদ্র এই নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে লাঙ্গলবন্দের এই ঐতিহ্যবাহী স্নানোৎসব সম্পন্ন হবে বলে আশা করছে স্থানীয় প্রশাসন ও পুণ্যার্থীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102