২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি এবং মহানগর বিএনপির অন্যতম সদস্য ডা. মজিবুর রহমান। গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় ডা. মজিবুর রহমান বলেন, “২৬ মার্চ আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমরা স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছিলাম। যে স্বপ্ন ও চেতনা নিয়ে আমাদের বীর শহীদরা প্রাণ দিয়েছিলেন, সেই গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার লড়াই আজও চলছে।”
তিনি আরও উল্লেখ করেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতিতে বিশ্বাসী। মহান স্বাধীনতা দিবসের এই শুভক্ষণে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার সাহসী ঘোষণা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। একইসাথে বিনম্র শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধা ও আত্মদানকারী শহীদদের প্রতি।”
ডা. মজিবুর রহমান নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আসুন, সকল ভেদাভেদ ভুলে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ হই।”