হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনব্যাপী এক ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লার পশ্চিম কায়েমপুর পঞ্চায়েত ও সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।
দিনব্যাপী এ কার্যক্রমে স্থানীয় এলাকার বহু সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রেসক্রিপশন ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সেবা প্রদান করা হয়।
পশ্চিম কায়েমপুর পঞ্চায়েত ও সমাজ উন্নয়ন কমিটির সভাপতি নিজামুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং মেহেদী হাসান শ্যামলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা, ফতুল্লা থানা বিএনপি নেতা আরিফুর রহমান আরিফ এবং কুতুবপুর ইউনিয়ন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন আহসান বিন জামান।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “সুস্থ জীবন প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সমাজের নিম্নবিত্ত ও অসচ্ছল মানুষরা অর্থের অভাবে অনেক সময় সঠিক সময়ে উন্নত চিকিৎসা সেবা নিতে পারেন না। সাধারণ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। পশ্চিম কায়েমপুর পঞ্চায়েত কমিটির এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে কোনো মানুষই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ফতুল্লা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান সাদেক, বিএনপি নেতা মোস্তাক হোসেন ও রাসেল প্রধান, পঞ্চায়েত কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী ও সহ-সভাপতি দেওয়ান জসিম উদ্দিন, পিঠালিপুল কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও উপদেষ্টা মহিবুল্লাহ, জেলা নাজির বাতেন মোড়ল, সমাজসেবক হাজী সেলিম, ফতুল্লা থানা জিসাস-এর সাধারণ সম্পাদক সজিব হোসেন, যুবদল নেতা মোজাম্মেল হোসেন রাজা এবং মীর জনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, দিনব্যাপী এই মহতী ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিল ‘আদর্শ পরিবার কল্যাণ সংস্থা’ ও ‘সুপার ডায়াগনস্টিক সেন্টার’। দিনভর চিকিৎসা সেবা নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাবঞ্চিত রোগীরা।