নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির এক অটোরিকশার ধাক্কায় ছমিরুন নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আতিয়া নামের ১৮ মাস বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা কাচারী বাজার-মানিকপুর সড়কের হাবিবুর রহমানের বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ছমিরুন নেছা চৈতনকান্দা গ্রামের ইব্রাহীম মিয়ার স্ত্রী। আহত শিশু আতিয়া একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছমিরুন নেছা শিশু আতিয়াকে সাথে নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাদের সজোরে ধাক্কা দিলে দুজনেই সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছমিরুন নেছাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত শিশু আতিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে পুলিশ জানায়, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত অটোরিকশাচালক রাসেলকে (১৮) আটক করা হয়েছে। তিনি চৈতনকান্দা গ্রামের মফিজ মোল্লার ছেলে। তাকে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে আটক রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।