মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহম্মেদের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণসহ আশপাশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমও চালানো হয়।
কর্মসূচি চলাকালে ডেঙ্গুর বিস্তার রোধে হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেদের বাড়িঘর, কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যেসব স্থানে পানি জমে থাকে, সেসব স্থান দ্রুত পরিষ্কার করতে হবে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে যুবদলের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে মাঠে কাজ করবেন। মানুষের দুর্ভোগ লাঘব ও জনস্বাস্থ্য সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদল এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।