সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রক্তাক্ত জুলাইয়ের ২ বছর: নারায়ণগঞ্জে মাঠের সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ!  অসুস্থ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর খোঁজ নিলেন জামায়াত নেতৃবৃন্দ: আরোগ্য কামনায় দোয়া বাংলাদেশ ফ্লাওয়ার্স মিলস ওনার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় মো. সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের অভিনন্দন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন প্রয়াত এড. বিমল চন্দ্র দাসের স্মরণে জেলা আইনজীবী সমিতির শোক সভা প্রিপেইড মিটারের বাতিলের দাবিতে ২১ জুলাই ডিপিডিসি’র সামনে  বিদ্যুৎ গ্রাহক সমাবেশ সাবেক ​ছাত্রনেতা রিজনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের গভীর শোক শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জের উন্নয়নে ৪ দফা দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি

গভীর নলকূপের ট্যাক্স নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল: সিটি প্রশাসক সাখাওয়াত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৩৮ 🪪

নারায়ণগঞ্জ নগরীতে গভীর নলকূপের রেজিস্ট্রেশন ও ট্যাক্স সংক্রান্ত জটিলতা নিরসন এবং পরিকল্পিত নগর উন্নয়নের রূপরেখা নিয়ে ‘গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি-নারায়ণগঞ্জ’-এর বিশেষ পর্যালোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে এবং এস এম সাজিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “গভীর নলকূপের ট্যাক্স নিয়ে নগরবাসীর মধ্যে যে বিভ্রান্তি ছিল, তা আমরা দূর করতে কাজ করছি। নগরবাসীর স্বার্থে যেকোনো যৌক্তিক দাবিতে আমরা সবসময় পাশে থাকব। আপনাদের দাবি ও সুচিন্তিত পরামর্শ আমাকে আগামীর সুন্দর নারায়ণগঞ্জ গড়তে অনুপ্রাণিত করবে।”

তিনি নারায়ণগঞ্জের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে আরও বলেন, “আমরা বিভিন্ন দেশের কারিগরি সহায়তায় আধুনিক ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি। সবার সম্মিলিত সহযোগিতা পেলে একটি বাসযোগ্য ও আধুনিক নগরী গড়ে তোলা সম্ভব হবে।”

প্রধান আলোচকের বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম নগরীর যানজট ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে হলে সবার আগে যানজট নিরসন করতে হবে। বিশেষ করে হকার উচ্ছেদ এবং ব্যাটারিচালিত যানবাহনের অবাধ বিচরণ বন্ধে সিটি কর্পোরেশনকে আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।” তিনি এই সমস্যা সমাধানে প্রশাসকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল গভীর নলকূপের ট্যাক্স প্রত্যাহারের বিষয়ে প্রশাসকের ইতিবাচক ঘোষণাকে সাধুবাদ জানান। তবে তিনি এর দ্রুত ও সুনির্দিষ্ট বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, “ট্যাক্স প্রত্যাহারের পাশাপাশি নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা জরুরি।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— সংগঠনের সহ-সভাপতি মাহমুদ হোসেন, সাইফুল রহমান দুলাল, অ্যাডভোকেট বি এম হোসেন, সাইফুদ্দিন রহমান, হাজী রুহুল আমিন, শাহ আলম শিকদার, রমজানুর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সমিতির সদস্যরা সিটি কর্পোরেশনের সাম্প্রতিক জনকল্যাণমূলক সিদ্ধান্তগুলোকে স্বাগত জানান এবং একটি সুন্দর ও টেকসই নগরী গঠনে প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102