দেশের সাংবাদিকদের শীর্ষ সংগঠন জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ লাভ করেছেন চ্যানেল আই-এর সিনিয়র রিপোর্টার এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য আকতার হাবিব। মঙ্গলবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সদস্যদের তালিকা প্রকাশ করা হয়, যেখানে নারায়ণগঞ্জের এই কৃতি সন্তানের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত ওই তালিকায় দীর্ঘ যাচাই-বাছাই শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪৪১ জন সাংবাদিককে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পেশাগত জীবনের এই গুরুত্বপূর্ণ অর্জনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আকতার হাবিব বলেন, “জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ প্রাপ্তি একটি বড় পেশাগত মর্যাদা ও স্বীকৃতি। এই মূল্যায়ন অবশ্যই সম্মানজনক এবং এটি আমার আগামী দিনের পথচলায় বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এর জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।”
তিনি আরও বলেন, “জাতীয় প্রেসক্লাবের বাছাই কমিটি, ব্যবস্থাপনা কমিটিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ঋণী। আমি সবসময় আমার নীতি ও আদর্শ বজায় রেখে সাংবাদিকতার মতো মহান পেশার মাধ্যমে দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আমার এই পথচলায় আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।”
উল্লেখ্য, আকতার হাবিব নারায়ণগঞ্জ প্রেসক্লাবেরও একজন স্থায়ী সদস্য। তার এই অর্জনে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
জাতীয় প্রেসক্লাব সূত্র জানায়, নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে এই ঐতিহ্যবাহী সংগঠনটি আরও বেশি গতিশীল ও প্রতিনিধিত্বশীল হবে। সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা ও কল্যাণে জাতীয় প্রেসক্লাব দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।