মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ-৪ আসনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ 🪪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচনী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রায়হান কবীর।

সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকার উন্নয়নের নানা পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। প্রার্থীরা তাদের বক্তব্যে মেডিকেল কলেজ, মা ও শিশু হাসপাতাল স্থাপন, আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং ডিএনডি এলাকার দীর্ঘদিনের অভিশাপ ‘জলাবদ্ধতা’ নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তারা জনগনের যাতায়াত সহজ করতে মেট্রোরেল সংযোগ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল, বেকারত্ব নিরসন এবং অসহায় ভাতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। বিশেষ করে, ফতুল্লাবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে ফতুল্লাকে সিটি কর্পোরেশনের আওতায় আনার বিষয়েও প্রার্থীরা একমত পোষণ করেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীরা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তারা নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করেন। ভোটাররা যাতে নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়েও তারা মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রায়হান কবীর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নির্বাচন প্রক্রিয়াকে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সকল প্রার্থীকে শতভাগ নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। যারা আইন লঙ্ঘন করবেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।” তিনি একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রার্থীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আইনশৃঙ্খলা বিষয়ক এই সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, বিজিবি-র কর্নেল মির্জা আরাফাত, র‍্যাব-১১-এর অধিনায়ক সাজ্জাদ, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আরমিন এবং নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা।

সভায় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সকলেই একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102