নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এবং একাধিক মামলার আসামি ইউনুস ওরফে ইয়ানুসকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। সোমবার (১৬ জুন, ) সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মন্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইউনুসের বিরুদ্ধে ডাকাতি, হত্যাচেষ্টা, মাদক ব্যবসাসহ এলাকায় ত্রাস সৃষ্টির মতো গুরুতর অভিযোগ রয়েছে।
মঙ্গলবার র্যাব-১১ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত ইউনুস আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।
র্যাব জানায়, ইউনুস তার এলাকায় একজন চিহ্নিত ডাকাত সর্দার হিসেবে পরিচিত। সে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকার অপরাধীদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছিল, যার মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি সংগঠিত করত। ডাকাতির পাশাপাশি সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক সেবন ও কেনাবেচার সাথেও জড়িত ছিল। তার বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, হত্যাচেষ্টা এবং নির্যাতন ও গুম-খুনের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তার ভয়ে এলাকাবাসী সবসময় ভীত-সন্ত্রস্ত থাকতো।
র্যাব আরও জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কুখ্যাত এই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। আড়াইহাজার থানা থেকে প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে র্যাব-১১ এর একটি চৌকস দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস দীর্ঘদিন ধরে ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, মাদক ও হত্যাচেষ্টা মামলা রয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।