বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপি সমর্থিত আইনজীবীদের হাতাহাতি: নাসিক প্রশাসক সাখাওয়াত লাঞ্ছিত সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীর ওপর নির্যাতন ও ছবি বিকৃতির অভিযোগ ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি আমরা সবাই ভাই ভাই, সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমরা সবসময় আপনাদের পাশে আছি: রাকিব না’গঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত  বিসিকে ফকির এ্যাপারেলসে উৎসবমুখর পরিবেশে শ্রমিক অংশগ্রহণকারী কমিটি নির্বাচন সম্পন্ন অচল রাস্তা ও জলাবদ্ধতায় দুর্ভোগে ফতুল্লার ৯ নম্বর ওয়ার্ডবাসী; সংস্কারের আশ্বাসের তিন মাসেও হয়নি দৃশ্যমান অগ্রগতি সেলিনা হাসপাতালের চেয়ারম্যান আলীনূর শরীফ শামীমের শারীরিক খোঁজ নিলেন বিপিএইচসিডিএ নেতৃবৃন্দ এসপি অফিস থেকে চানমারী পর্যন্ত লিংক রোডে ফের পরিচ্ছন্নতা অভিযান: ময়লা ফেললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির

নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপি সমর্থিত আইনজীবীদের হাতাহাতি: নাসিক প্রশাসক সাখাওয়াত লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৭ 🪪

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি (বার) ভবনে বিএনপি সমর্থিত আইনজীবীদের দুই পক্ষের মধ্যে তুমুল হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে। এ সময় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওমর ফারুক নয়নসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আইনজীবী আহত হন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আদালতপাড়ায় জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আহত আইনজীবীরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী আইনজীবী ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। এই বিরোধে এক পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান এবং পিপি আবুল কালাম আজাদ জাকির। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির।

মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি কক্ষে আইনজীবীদের খাবারের প্রস্তুতি চলছিল। এ সময় আসন্ন নির্বাচন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নতুন পিপির দায়িত্ব গ্রহণ নিয়ে আপত্তি এবং ম্যাজিস্ট্রেট আদালত ভবন স্থানান্তরসহ আদালতের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময় রূপ নেয় ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, দুই পক্ষের আইনজীবীরা একে অপরের সঙ্গে ধস্তাধস্তি ও কিল-ঘুষিতে জড়িয়ে পড়েছেন। এ সময় নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে রক্ষা করতে তার সঙ্গে থাকা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যকে প্রাণপণ চেষ্টা করতে দেখা যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিষয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান অভিযোগ করে বলেন, “অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও তাঁর অনুসারীরা হঠাৎ আমাদের ওপর চড়াও হয়ে হামলা চালান। হামলায় এপিপি ওমর ফারুক নয়নসহ আমাদের বেশ কয়েকজন সহকর্মী মারধরের শিকার হয়েছেন।”

অন্যদিকে সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা সাখাওয়াত হোসেন খানসহ কয়েকজন মিলে আমার কক্ষে খাবার খাচ্ছিলাম। এ সময় পাশের কক্ষ থেকে হঠাৎ কিছু উসকানিমূলক মন্তব্য করা হয়, যা থেকে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এটি একটি পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা হতে পারে।”

এ বিষয়ে নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে অপর প্রান্ত থেকে জানানো হয়, তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করায় বিশ্রামে রয়েছেন। ফলে তাঁর সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, “আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন ও অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডা থেকে হাতাহাতির সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আদালত অঙ্গনের পরিস্থিতি শান্ত রয়েছে।”

এদিকে বার ভবনে এ সংঘর্ষ ও হাতাহাতির ঘটনায় আদালতপাড়ায় দিনভর আইনজীবীদের মাঝে তীব্র উত্তেজনা ও আলোচনা-সমালোচনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102