বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
এক শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “দীর্ঘ প্রায় ৩৫ বছর পর বাংলাদেশে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের এক ঐতিহাসিক অধ্যায় সূচিত হলো। এই নির্বাচনে ২৫৫টি ভোট পেয়ে বিজয়ী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমাণ করেছেন জনগণের আস্থা ও ভালোবাসায় তিনি সিক্ত। তার এই বিজয় গণতন্ত্রকামী মানুষের বিজয়।”
তিনি আরও বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ ও বিচক্ষণ রাজনীতিবিদ। তার সুযোগ্য নেতৃত্বে দেশের সংবিধান, আইন ও সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত হবে বলে আমরা বিশ্বাস করি। রাষ্ট্রপতির মতো এই গুরুত্বপূর্ণ পদে তার আসীন হওয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক।”
বিবৃতিতে ফতেহ রেজা রিপন নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, তিনি তার মেধা ও দেশপ্রেম দিয়ে রাষ্ট্র পরিচালনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন।
উল্লেখ্য, দীর্ঘ সাড়ে তিন দশক পর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করে ক্ষমতাসীন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার এই বিজয়ে নারায়ণগঞ্জসহ দেশজুড়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।