বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাথে কেন্দ্রীয় কমিটির সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১ ঘটিকায় নগরীর চাষাঢ়া বালুর মাঠে রূপসী বাংলা রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন কমিটির আহ্বায়ক জনাব ছাইদুল হক ছাদু।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব ছাইদুল হক ছাদু বলেন, “বেসরকারি স্বাস্থ্যসেবা খাতকে আরও সুশৃঙ্খল ও শক্তিশালী করতে যোগ্য সদস্য অন্তর্ভুক্তি এবং নিয়মিত নবায়ন প্রক্রিয়া অত্যন্ত জরুরি। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই সংগঠনকে এগিয়ে নিতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন কমিটির সদস্য জনাব মো. সামসুর রহমান কোয়েল এবং বিপিএইচসিডিএ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফারুকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সহায়তাকারী কর্মকর্তা জনাব মোহাম্মদ রাসেল আশরাফ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নারায়ণগঞ্জের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে সদস্যপদ নবায়ন প্রক্রিয়া সহজীকরণ এবং নতুন প্রতিষ্ঠানগুলোকে সংগঠনের আওতায় এনে সেবার মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে ডা. মুজিবুর রহমান বলেন, “নারায়ণগঞ্জের বেসরকারি স্বাস্থ্যখাতের উন্নয়নে জেলা ও কেন্দ্রীয় কমিটির এই সমন্বয় আগামীতে অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে।”
মতবিনিময় সভায় বিপিএইচসিডিএ-এর জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জের বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।