নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষ্যে গৃহীত তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৪ জুলাই) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো: রায়হান কবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবির সাহিত্যিক জীবন, সংগীত এবং তাঁর চিরন্তন সাম্যবাদী দর্শনের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক। অন্যায়ের বিরুদ্ধে তাঁর বজ্রকণ্ঠ ও ক্ষুরধার লেখনী বাঙালি জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে। বিশেষ করে বর্তমান তরুণ প্রজন্মের মাঝে নজরুলের সৃষ্টি ও দর্শনকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে।”
সমাপনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা কবির কালজয়ী নজরুল সংগীত পরিবেশন করেন। শিল্পীদের বাদ্যযন্ত্রের মূর্ছনা এবং নিপুণ পরিবেশনায় এক মায়াবী আবহের সৃষ্টি হয়, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের বিমোহিত করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বরেণ্য নজরুল গবেষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট কবি ও সাহিত্যিকগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ পালনের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে গত তিন দিন ধরে নানা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশেষ কর্মসূচি পালিত হলো। দিনব্যাপী নানামুখী ও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে এই অনুষ্ঠানের যবনিকা ঘটে।