বিএনপি নেতা মাহবুবউল্লাহ তপনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং গাড়ি আটকে রাখার অভিযোগে বুুধবার ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আড়াই ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখে বাস মালিক- শ্রমিকরা। পরে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব ও এমপি পুত্রের আশ্বাসে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক হলেও আটকে রাখা হয় গাড়িটি। এ বিষযটি পুরোপুরি সমাধান করতে উভয় পক্ষের সঙ্গে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক বৈঠক শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব ও এমপি পুত্র আবুল কাউসার আশা বলেন, “আপনারা ইতিমধ্যেই জানেন, এখানে শ্রমিকদের সাথে আপনার তপন সাহেবের যেটা একটু ঝামেলা হয়েছিল, এটার আজকে আলহামদুলিল্লাহ একটা সুষ্ঠু সমাধান হয়েছে। নাম ট্রান্সফারের একটা জটিলতা ছিল, রবিবারের দিন নাম ট্রান্সফারের করে দিবে— এই ব্যাপারে সবাই সম্মতি জ্ঞাপন করেছে। এবং গাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটারও একটা জরিমানা ধার্য করে ঐটারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, এখন শ্রমিক যারা আছেন এবং মালিক সমিতি যারা আছেন, দু’টি কমিটির সবাই উপস্থিত আছেন এখানে। সবার মধ্যে এখন সমন্বয় হয়েছে এবং তারা সবাই এই জায়গায় একটা জায়গায় সবাই একমত হচ্ছে যে, যেন যাত্রী সেবাটা যেন নিরবিচ্ছিন্নভাবে দেওয়া যায়। কোনো স্ট্রাইকের মতো ঘটনা যেন না ঘটে। সে ব্যাপারে শ্রমিকরাও যেন কোনো জায়গায় আক্রান্ত না হয়, সে ব্যাপারে প্রশাসন, মালিক সমিতি, শ্রমিক সমিতিসহ সকলে এক জায়গায় সবাই অবস্থান করেছে।
চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে এমপি পুত্র আশা সাংবাদিকদের বলেন, “না, এটা আসলে ব্যাপারটা হচ্ছে, চাঁদাটা এখানে একটা মিসকনসেপশন হয়েছে এটা। এখানে নাম ট্রান্সফারের একটা টাকার ব্যাপার আছে। সবকিছু মিলে এটা সমাধান করা হয়েছে। এটা রবিবারের মধ্যে ইনশাআল্লাহ নাম ট্রান্সফারের মাধ্যমে এটার পরিসমাপ্তি ঘটবে, ইনশাআল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন, নিউ বন্ধন পরিবহনের পরিচালক দেলোয়ার হোসেন দেলু, পরিচালক সাদ্দাম হোসেন, পরিচালক শাহাদাত হোসেন লিটন খান, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সেলিম হোসেন ও সহ-সভাপতি মোহাম্মদ লিটনসহ আরও অনেকে।
এর আগে গণমাধ্যমের কাছে অভিযোগ করে পরিবহন ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, বিএনপি নেতা তপন তাদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই চাঁদা না দিলে শহরের মিশনপাড়া এলাকা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হবে না বলে স্পষ্ট হুমকি দেন তিনি। শুধু তাই নয়, জোরপূর্বক কোম্পানির একটি বাস আটকে রেখে কয়েকজন শ্রমিককে মারধরও করা হয়। এর প্রতিবাদেই গতকাল বাস চলাচল বন্ধ করে দেন ক্ষুব্ধ শ্রমিকরা।
এছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের পুত্র ও তাঁর রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা চাঁদাবাজ ও হুমকিদাতাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না।” তিনি বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে তাঁর আহ্বানে সাড়া দিয়ে আড়াই ঘণ্টা পর এই রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।