নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে গুরুতর আহত হওয়া যুবক হিরু (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত হিরু ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামের মনির হোসেনের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ মে বিকেলে অভিযুক্ত হিরু একই গ্রামের ছয় বছরের এক শিশুকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে ২০ টাকা দিয়ে প্রলোভন দেখান। এরপর তার সহযোগী সোহেলের সহায়তায় শিশুটিকে পার্শ্ববর্তী একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হিরুকে তার বাসা থেকে ধরে এনে গণপিটুনি দেয়।
পরবর্তীতে হিরুর পরিবার তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে, ঘটনার পরদিন (২৩ মে) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে হিরু ও সোহেলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর অন্য অভিযুক্ত সোহেল ওই দিনই থানায় আত্মসমর্পণ করেন।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় হিরুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঈদের দিন রাতে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।