নারায়ণগঞ্জের প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সরকারি সহায়তার আওতায় আনতে আগামী জুলাই মাস থেকে ফ্যামিলি কার্ডের নতুন তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাদ পড়া যোগ্য ব্যক্তিদের এই তালিকায় অন্তর্ভুক্ত করে একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বুধবার (১৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য জানান। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসার জানান, ইতিমধ্যে জেলায় ৩৮ কোটি টাকা ব্যয়ে ৩৭ হাজার ৫৬৭টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে আরও প্রায় ৪৮ হাজার পরিবারকে এই কার্যক্রমের আওতায় আনার মহাপরিকল্পনা রয়েছে। মূলত দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করছে।
মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “ফ্যামিলি কার্ডের পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত কৃষক কার্ড, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে খাল খনন কর্মসূচি এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা কাজ করছি। গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।”
ব্রিফিংয়ে তিনি আরও জানান, এই বিশাল কার্যক্রমে কোনো প্রকৃত দরিদ্র যেন বাদ না পড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সরকারের এই উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে গণমাধ্যম কর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বর্তমান চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।