মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের নির্দেশে বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে নগরীর দেওভোগ হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিমের সভাপতিত্বে এবং জেলা যুবদল নেতা পারভেজ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নূর হানিফ, মহানগর প্রজন্ম দলের সদস্য সচিব আক্তার হোসেন অপু এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ। এছাড়াও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম আহমেদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক Sabbir আহমেদ এবং জিয়া পরিষদের নেতা খোকনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সলিমুল্লাহ করিম সেলিম বলেন, “২৬শে মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। আজকের এই দিনে আমরা পরম শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন মানচিত্র পেয়েছি।”
তিনি মহানগর বিএনপি নেতা জাকির খানের ত্যাগের কথা উল্লেখ করে বলেন, “জাকির খান রাজপথের লড়াকু সৈনিক। দেশ ও দলের স্বার্থে তিনি দীর্ঘদিন কারাবরণ করছেন। মহানগর বিএনপির রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য। তৃণমূলের দাবি, দলের যোগ্য মূল্যায়নের স্বার্থে জাকির খানকে মহানগর বিএনপির একটি গুরুত্বপূর্ণ পদে আসীন করা হোক। তাঁর মতো বলিষ্ঠ নেতৃত্ব নারায়ণগঞ্জ বিএনপিকে আরও শক্তিশালী করবে।”
অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে জাকির খানের কারামুক্তি ও তাঁর পরিবারের জন্য দোয়া করা হয়। আলোচনা সভা শেষে বীর শহীদদের আত্মার শান্তি কামনায় তবারক বিতরণ করা হয়।