পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভাতাভুক্ত আনসার ও ভিডিপি (VDP) সদস্য-সদস্যাদের মাঝে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মহোদয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলা অডিটোরিয়ামে উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন নারায়ণগঞ্জ জেলার কমান্ড্যান্ট (বিভিএমএস) জনাব কানিজ ফারজানা শান্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট জনাব কানিজ ফারজানা শান্তা বলেন, “আনসার ও ভিডিপি সদস্যরা দেশের যেকোনো ক্রান্তিলগ্নে এবং তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা বাহিনীর প্রাণ। মহাপরিচালক মহোদয়ের এই ঈদ উপহার আপনাদের প্রতি বাহিনীর সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। পবিত্র মাহে রমজানের ত্যাগের শিক্ষাকে ধারণ করে আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “যেকোনো জাতীয় দুর্যোগ, নির্বাচন কিংবা উৎসবে আনসার বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। তৃণমূলের এই নিবেদিতপ্রাণ যোদ্ধাদের কল্যাণে এবং তাদের ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে মহাপরিচালক মহোদয়ের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। উপজেলা প্রশাসন সবসময় আপনাদের যেকোনো প্রয়োজনে পাশে আছে।”
পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম। তিনি আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাহিনীর সদস্যদের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উপহার বিতরণ ও আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, বিশ্বশান্তি এবং আনসার বাহিনীর সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর উপস্থিত অতিথি, আনসার ও ভিডিপি সদস্য এবং স্থানীয় সুধীজন একত্রে ইফতারে অংশগ্রহণ করেন। মহাপরিচালকের এমন উপহার পেয়ে উপস্থিত আনসার সদস্যদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।