বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ বন্দরের নাসিক ২৪ ও ২৫ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। বিশিষ্ট ক্রীড়াবিদ ও ব্যবসায়ী মোঃ মাসুদুজ্জামান মাসুদের পক্ষে এই কর্মসূচি পরিচালিত হয়।
রোববার (২১ সেপ্টেম্বর) বাদ আসর বন্দরের ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ কদম রসুল দরগা থেকে এই গণসংযোগ শুরু হয়। এটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ২৫ নং ওয়ার্ডের লক্ষণখোলা এলাকায় গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, মডেল গ্রুপের কর্ণধার ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে এই কার্যক্রম পরিচালিত হয়েছে।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, “আমরা সংখ্যায় বেশি নয়, ভালো মানুষের রাজনীতি চাই। জনকল্যাণমুখী রাজনীতি করতে হলে নারায়ণগঞ্জে একজন সঠিক নেতৃত্বকে বিকশিত করতে হবে। যার নিজস্ব সামর্থ্য, মেধা, যোগ্যতা ও ত্যাগ রয়েছে, সেই নেতা হলেন মাসুদুজ্জামান মাসুদ ভাই।”
তিনি আরও বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রতিহিংসাপরায়ণ রাজনীতি নয়, জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে। সেহেতু আমরা ভালো মানুষের নেতৃত্বে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই। আত্মকর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়ন, সামাজিক সুশাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণে মাসুদ ভাইয়ের নেতৃত্বেই এগিয়ে যাব।”
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোখন, সদস্য শহীদুল ইসলাম রিপন, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলা উদ্দিন ঈসা, ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ছক্কু, বিএনপি নেতা মোঃ বাদল মিঞা, ২৪ ও ২৫ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।