বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি দূরীকরণ, বিতর্কিত প্রিপেইড মিটার বাতিল এবং বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের দাবিতে এক গোলটেবিল বৈঠকের ডাক দিয়েছে ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’। আগামী ৩ অক্টোবর (বৃহস্পতিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংগঠন সূত্রে জানা গেছে, ৩ অক্টোবর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলননায়তনে এই গোলটেবিল বৈঠকটি শুরু হবে। এতে দেশের বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গ্রাহক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিদ্যুৎ খাতের সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করবেন।

আয়োজকরা জানান, গ্রাহকদের ওপর প্রিপেইড মিটারের নামে চাপিয়ে দেওয়া ভোগান্তি ও বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি রুখতে এই বৈঠক থেকে সরকারের কাছে ৪ দফা সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হবে।

দাবিসমূহ হলো:
১. গ্রাহক ভোগান্তি ও দুর্নীতির অন্যতম মাধ্যম হয়ে ওঠা প্রিপেইড মিটার অবিলম্বে বাতিল করে আগের ডিজিটাল মিটার ফেরত (পুনর্বহাল) দিতে হবে।
২. বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি বন্ধ করে দাম কমাতে হবে এবং বিগত বছরগুলোতে বিদ্যুৎ খাতের যাবতীয় অনিয়ম ও দুর্নীতির বিষয়ে পূর্ণাঙ্গ ‘শ্বেতপত্র’ প্রকাশ করতে হবে।
৩. প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গড়ে ওঠা যৌক্তিক আন্দোলনে অংশ নেওয়া নেতৃবৃন্দের নামে দায়েরকৃত সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
৪. বিদ্যুৎ খাতকে ব্যক্তি মালিকানায় বা ব্যক্তিস্বার্থে হস্তান্তরের সকল চক্রান্ত প্রতিহত করতে হবে এবং বিদ্যুৎ গ্রাহকদের সাংবিধানিক ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, দেশের বিদ্যুৎ খাত বর্তমানে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ গ্রাহকদের জন্য এক অসহনীয় বোঝায় পরিণত হয়েছে। প্রিপেইড মিটারের কারণে সাধারণ মানুষ বাড়তি অর্থ খরচের পাশাপাশি নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তাই জনস্বার্থে এই ৪ দফা দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণে চাপ সৃষ্টি করতেই এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।