নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) নেতৃবৃন্দ।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাতে এনসিসিআই-এর পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বিকেএমইএ-এর পরিচালনা পর্ষদের শীর্ষ নেতৃবৃন্দ পুলিশ সুপারের সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মতবিনিময় সভায় ব্যবসায়ীরা শিল্প ও বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জের বিভিন্ন জ্বলন্ত সমস্যা তুলে ধরেন। বিশেষ করে শহরের তীব্র যানজট নিরসন, ছিনতাই প্রতিরোধ, মাদকের বিস্তার রোধ এবং সাম্প্রতিক সময়ে উদ্বেগ সৃষ্টি করা ‘কিশোর গ্যাং’-এর তৎপরতা বন্ধে জেলা পুলিশের বিশেষ ও কঠোর অভিযান পরিচালনার আহ্বান জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। সেই সাথে শিল্পপ্রতিষ্ঠানের নির্বিঘ্ন উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক সহযোগিতা কামনা করা হয়।
এ সময় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ব্যবসাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কোনো ছাড় দেবে না। এসব ক্ষেত্রে তিনি ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোরশেদ সারোয়ার, পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, রিয়াদ মাহাম্মদ চৌধুরী, গোলাম সারোয়ার সাঈদ, মোঃ মজিবুর রহমান, আহমেদুর রহমান তনু, মোঃ হানিফ মিয়া ও বিকাশ চন্দ্র সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।







