নারায়ণগঞ্জের রাজপথের আপসহীন নেতা, বিশিষ্ট আইনজীবী এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের জন্মদিন আজ। দিনটি উপলক্ষে সকাল থেকেই দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ নগরবাসীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
পেশাগত জীবনে এডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার আইনি লড়াইয়ে সাহসী ভূমিকা রেখে তিনি সারাদেশে আলোচনায় আসেন। সাধারণ বিচারপ্রার্থী ও রাজনৈতিকভাবে নিপীড়িত মানুষের আইনি সহায়তায় তিনি সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয়। বিশেষ করে দলের দুঃসময়ে প্রতিটি আন্দোলন-সংগ্রামে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। হামলা, মামলা ও জেল-জুলুম উপেক্ষা করে দলের আদর্শ রক্ষায় তার দৃঢ় অবস্থান তাকে তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীকে পরিণত করেছে।
বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে সরকার তাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নগরীর শৃঙ্খলা ফেরাতে ও জনসেবা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। পরিচ্ছন্ন নগরী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে তার প্রচেষ্টা ইতোমধ্যে নগরবাসীর নজর কেড়েছে।
আজ তার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তায় এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
শুভেচ্ছা বার্তায় নেতাকর্মীরা বলেন, এডভোকেট সাখাওয়াত হোসেন খান কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি নারায়ণগঞ্জের মানুষের অধিকার আদায়ের কণ্ঠস্বর। তার বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জ বিএনপি যেমন সুসংগঠিত, তেমনি প্রশাসক হিসেবেও তিনি নগরবাসীর প্রত্যাশা পূরণে সফল হবেন বলে তারা আশা ব্যক্ত করেন।