নারায়ণগঞ্জের ফতুল্লায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. রাশেদ (৩০) নামে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) কাজী ফেরদাউসের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেওভোগ নুর মসজিদ এলাকার জামাল মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশের কক্ষ থেকে রাশেদকে আটক করা হয়। পরে তার দখল থেকে বিভিন্ন আকৃতির মোট ১৬টি দেশীয় অস্ত্র (ছুরি ও চাপাতি) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরবর্তীতে জব্দ তালিকা মূলে থানায় নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. রাশেদ দেওভোগ নুর মসজিদ এলাকার মৃত কুদ্দুসের ছেলে। পুলিশ জানায়, রাশেদের পিসিপিআর (ক্রিমিনাল প্রোফাইল) যাচাই করে দেখা গেছে, তার বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। সে এলাকায় একজন চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, ছিনতাই ও সন্ত্রাস দমনে জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পুলিশ নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।