পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুর রহমান সাগর।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আঃ) এর মহান ত্যাগের আদর্শকে বুকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোরবানি শুধু পশুর বিসর্জন নয়, বরং এটি নিজের মনের ভেতরের অহংকার, হিংসা ও পাশবিকতাকে বিসর্জন দেওয়ার এক অনন্য মাধ্যম।”
৮নং ওয়ার্ডবাসীর প্রতি বিশেষ ভালোবাসা ব্যক্ত করে তিনি আরও বলেন, “ঈদের এই অনাবিল আনন্দ যেন সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। আমরা যেন পাড়া-প্রতিবেশী এবং বিশেষ করে সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিতে পারি, সেটাই হোক আমাদের এবারের ঈদের অঙ্গীকার। ৮নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে আনন্দ এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক—এই কামনাই করি।”
শুভেচ্ছা বার্তায় এডভোকেট রাকিবুর রহমান সাগর পরিবেশ সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “কোরবানির পর পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে আমাদের প্রিয় শহর ও ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখা আমাদের নাগরিক দায়িত্ব। আসুন, আমরা পরিচ্ছন্ন পরিবেশে পবিত্র ঈদ উদযাপন করি।”
পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেন।