নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাটস্থ পাইকারি মাছের আড়তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫ মণ নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে সদর নৌ থানা পুলিশ। রোববার (১৯ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান। তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ৫নং ঘাট এলাকায় জাটকা ইলিশ কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে গেলেও পরিত্যক্ত অবস্থায় কয়েক বস্তা জাটকা উদ্ধার করা হয়। পরে মেপে দেখা যায় সেখানে মোট ৫ মণ নিষিদ্ধ জাটকা ইলিশ রয়েছে।
ওসি রফিকুজ্জামান আরও জানান, ইলিশ সম্পদ রক্ষায় সরকার নির্ধারিত সাইজের চেয়ে ছোট ইলিশ বা জাটকা ধরা, পরিবহন ও বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হবে।
জনস্বার্থে এবং ইলিশের উৎপাদন বাড়াতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।