দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর অবকাঠামো উন্নয়ন ও জনভোগান্তি লাঘবে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের ভুঁইয়ারবাগ এলাকায় নির্মাণাধীন একটি সড়কের ঢালাই কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে প্রশাসক চলমান সড়কের নির্মাণকাজের গুণগত মান ও অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কাজের দীর্ঘসূত্রতা এড়াতে এবং নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে প্রকল্পের কাজ সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে কঠোর নির্দেশনা প্রদান করেন।
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের বেহাল রাস্তাঘাট নিয়ে নাগরিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “শহরের অধিকাংশ সড়ক বর্তমানে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসব সড়ক সংস্কার করে নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন করাই আমাদের প্রধান লক্ষ্য।”
সড়ক উন্নয়নের পাশাপাশি নগরীর অন্যতম বড় সমস্যা ‘যানজট’ নিরসনেও তিনি জোর দেন। এ বিষয়ে খুব শিগগিরই সংশ্লিষ্ট সব দপ্তরকে নিয়ে একটি সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন নাসিক প্রশাসক।
পরিদর্শনকালে কাজের কারিগরি বিভিন্ন দিক প্রশাসকের সামনে তুলে ধরেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী এ এস এম মশিউর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।