নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোদ-বৃষ্টি থেকে যাত্রীদের স্বস্তি দিতে এবং জনদুর্ভোগ কমাতে একটি যাত্রী ছাউনি নির্মাণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিউ জেনারেশন্স বাংলাদেশ’ (এনজিবি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আদমজীর কদমতলী পুল এলাকায় এই যাত্রী ছাউনিটি উদ্বোধন করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, যাত্রী ছাউনির স্থানটি কিছুদিন আগে অবৈধ দখলদারদের কবলে ছিল। সেখানে সরকারি জায়গা দখল করে দোকান বসানোর নাম করে এক নিরীহ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা অগ্রিম নেওয়া হয়েছিল। বিষয়টি জানতে পেরে এনজিবির সদস্যরা তৎক্ষণাৎ দখলদারের বিরুদ্ধে পদক্ষেপ নেন এবং জায়গাটি দখলমুক্ত করেন। পরবর্তীতে সেই স্থানেই সাধারণ জনগণের সুবিধার্থে এই যাত্রী ছাউনি নির্মাণ করা হয়।
উদ্বোধনকালে এনজিবির আহবায়ক মো. মেহরাব হোসেন প্রভাত বলেন, “রাস্তা বা ফুটপাতে যাত্রীদের এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকা একদিকে যেমন যানজট সৃষ্টি করে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়। এই ছাউনি যাত্রীদের একটি নির্দিষ্ট স্থানে বাসের জন্য অপেক্ষা করার সুযোগ করে দেবে। বিশেষ করে রোদ-বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি বয়স্ক, শিশু, অসুস্থ রোগী এবং নারীদের নিরাপত্তায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ছাউনি এলাকাকে ধূমপানমুক্ত রাখার ঘোষণা দিয়ে এনজিবি সিদ্ধিরগঞ্জ থানা সদস্য ইমন আহমেদ বলেন, “ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এই ছাউনিতে বসে যাতে কেউ ধূমপান না করে, সে বিষয়ে আমরা আশেপাশের দোকানিদের সতর্ক করেছি এবং সচেতনতামূলক প্রচার চালিয়েছি। স্থানীয়রাও আমাদের এই উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”
এনজিবি ৭নং ওয়ার্ডের সংগঠক মো. নয়ন বলেন, “এই দেশ আমাদের সকলের, তাই দেশের উন্নয়নে আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে। এই যাত্রী ছাউনিটি জনগণের সম্পদ, এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও আমাদের।”
এ সময় সিদ্ধিরগঞ্জ থানা এনজিবির অন্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।